বড়পুকুরিয়ার কয়লার দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া খনিতে ২০ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। উত্তোলনযোগ্য কোল ফেজে মজুত শেষ হওয়া এবং নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রস্তুতির কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বিক্রি বাড়াতে টনপ্রতি কয়লার দাম আরও এক হাজার টাকা কমানো হয়েছে।
খনি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১০ অক্টোবর খনি থেকে মাল্টিস্লাইজ পদ্ধতিতে কয়লা উৎপাদন শুরু করা হয়। এ পদ্ধতিতে প্রতিদিন গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়। কিন্তু গত বছরের মার্চ থেকে অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড টপ কোল কেভিং পদ্ধতিতে সর্বোচ্চ মাত্রায় কয়লা উত্তোলন শুরু করা হয়। এতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হচ্ছে। গত ২৪ মার্চ ১২০৬ নম্বর কোল ফেজের উত্তোলনযোগ্য কয়লার মজুত শেষ হয়। তাই নতুন ১২০৫ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন করার সিদ্ধান্ত নেয় খনি কর্তৃপক্ষ।
বর্তমানে ১২০৬ নম্বর ফেজের কয়লা আহরণ ও উত্তোলনের কাজে ব্যবহূত যন্ত্রপাতি সরিয়ে এনে ১২০৫ নম্বর ফেজে স্থাপনের কাজ চলছে। এ কারণে ২৪ মার্চ থেকে খনির কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। অন্যদিকে নতুন পদ্ধতিতে কয়লা আহরণের ফলে কয়লার উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় খনির কোল ইয়ার্ডে জমেছে কয়লার বিশাল স্তূপ। চলতি ইটভাটা মৌসুমের শুরুতে (গত নভেম্বর) প্রতি মেট্রিক টন কয়লার মূল্য ১২ হাজার ৬৫৮ নির্ধারণ করা হয়। এতে কয়লা বিক্রি প্রায় বন্ধের উপক্রম হয়। তাই গ্রাহককে আকৃষ্ট করতে কয়লার দাম কয়েক দফা কমিয়ে মেট্রিক টনপ্রতি ১০ হাজার ২০০ টাকা করা হয়।
সর্বশেষ মেট্রিক টনপ্রতি আরও এক হাজার টাকা কমিয়ে নয় হাজার ২০০ টাকা (ভ্যাট ও লোডিং খরচসহ) করা হয়েছে। এখন খনি থেকে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন কয়লা বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে অবাধে কম দামে (প্রতি মেট্রিক টন সাত হাজার ৫০০ টাকা) নিম্নমানের কয়লা আমদানি অব্যাহত থাকায় বড়পুকুরিয়ার কয়লার বিক্রি মার খাচ্ছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, এ কাজের জন্য ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে। তবে আশা করা যায়, আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে। খনির ইয়ার্ডে কয়লার বিপুল মজুত প্রসঙ্গে তিনি বলেন, এখানে বর্তমানে প্রায় সোয়া তিন লাখ টন কয়লা মজুত রয়েছে। আগে সোয়া চার লাখ টন কয়লা সংরক্ষণের রেকর্ড রয়েছে। তবে বিক্রি বাড়াতে মেট্রিক টনপ্রতি কয়লার দাম এক হাজার টাকা কমানো হয়েছে।