দিনাজপুরের বড়পুকুরিয়ায় অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। গতকাল শনিবার এক সমাবেশে তাঁরা এ ঘোষণা দেন। এ ছাড়া ক্ষতিপূরণের ব্যাপারে জেলা প্রশাসনের আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তাঁরা।গতকাল দুপুরে কয়লাখনি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, হিটলার প্রমুখ। বক্তারা ক্ষতিপূরণ বাবদ বাকি ৭৮ কোটি টাকার পুরোটাই পরিশোধের দাবি জানান। এ ছাড়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টানা ছয় দিনের অবস্থান ধর্মঘট আরও চার দিন বাড়ানোর ঘোষণা দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে খনি অবরোধের হুমকি দেন বক্তারা।এদিকে, অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা বিতরণের জন্য গতকাল বিকেলে আলোচনার প্রস্তাব দেয় জেলা প্রশাসন। তবে আলোচনার এই প্রস্তাব আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেন।দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল ইসলাম অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিত্যনতুন দাবি উত্থাপন করছেন। এখন তাঁরা সরকারঘোষিত প্যাকেজের ১৯০ কোটি টাকার পুরোটাই দাবি করছেন। অথচ চূড়ান্ত সার্ভে শেষে ক্ষতিগ্রস্তদের পাওনা দাঁড়ায় ১৬৮ কোটি টাকা। প্রায় ১২০ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। আর মাত্র ৪৮ কোটি টাকা পাওনা রয়েছে।বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত কয়েক শ লোক অবকাঠামো ও গাছপালা খাতের ক্ষতিপূরণের দাবিতে খনির এক নম্বর ফটকের সামনের রাস্তায় গত সোমবার থেকে অবস্থান ধর্মঘট করে আসছেন।