বড়পুকুরিয়ায় আজ থেকে ফের কয়লা উৎপাদন শুরু
প্রায় এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আজ মঙ্গলবার থেকে আবার কয়লার বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে। এর আগে ১৫ মার্চ খনিতে পরীক্ষামূলকভাবে কয়লার উৎপাদন শুরু হয়।আজ বিকেল চারটার দিকে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান কয়লার বাণিজ্যিক উৎপাদন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ পর্যায়ে প্রতিদিন খনি থেকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপক (খনিজ) খান মোহাম্মদ জাফর সাদেক জানান, খনির প্রথম স্তরের কয়লা উত্তোলন শেষে গত ১৫ ফেব্রুয়ারি উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। এরপর ১৫ মার্চ খনির দ্বিতীয় স্তরের ১২০৪ নম্বর খনিমুখ থেকে পরীক্ষামূলকভাবে কয়লার উৎপাদন শুরু হয়। দ্বিতীয় স্তরের ১২০৪ নম্বর খনিমুখে প্রায় চার লাখ মেট্রিক টন কয়লার মজুদ আছে। খনির প্রথম স্তর থেকে প্রায় ৪২ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন হয়। ২০০৫ সালে এ কয়লাখনি থেকে প্রথমবারের মতো কয়লার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার কাজ করছে।