বড়পুকুরিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পরও খনি কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে সমস্যা নিরসনের উদ্যোগ না নেওয়ায় গতকাল বুধবার সকাল ১০টার পর থেকে খনি এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। ফুলবাড়ী ও বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ওই কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচি চলাকালে বেলা সাড়ে তিনটার দিকে খনির আবাসিক ফটকের সামনে বাজারে কেব্ল সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কেব্ল ব্যবসায়ীর লোকজনের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে কমিটির কেন্দ্রীয় সদস্য এস এ খালেক, জিগাগাড়ী গ্রামের কৃষক আবদুর রহমান, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী গ্রামের শমসের ও কৃষক হাফিজুল ইসলাম আহত হন। তাঁদের ফুলবাড়ী ও পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর আন্দোলনকারীরা সেখান থেকে চলে এসে ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-রংপুর সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা ফুলবাড়ী-বিরামপুর সড়কে লক্ষ্মীপুর, জয়নগরসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ফুলবাড়ীর সঙ্গে দিনাজপুর, রংপুর, পার্বতীপুর ও গোবিন্দগঞ্জের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে সমাবেশ করেন। এতে অভিযোগ করা হয়, বড়পুকুরিয়ায় পুলিশসহ একদল লোক একজোট হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারীদের নেতা ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ পাঁচ-ছয়জনকে পুলিশ আটক করেছে। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ চলছিল।পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং কাউকে আটকও করা হয়নি। আন্দোলনকারীরা স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর করেছেন। ওই ব্যবসায়ী পরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করেছেন। ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। আমন ফসলের ক্ষতিপূরণ প্রদান, বসতভিটা ও জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বড়পুকুরিয়াকে উন্মুক্ত পদ্ধতির খনি করার অপতৎপরতা বন্ধের দাবিতে কমিটির পক্ষ থেকে গত বুধবার সকাল ১০টা থেকে কয়লাখনির কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘণ্টা অবরুদ্ধ করা হয়।