দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের টাকা এবং সন্তানদের চাকরির দাবিতে আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।মতবিনিময় সভায় বক্তব্য দেন বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মো. মশফিকুর রহমান ও সদস্য-সচিব ইব্রাহীম খলিল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে খনি এলাকার ১১টি গ্রামের বাড়িঘর, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ফাটল ধরেছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। শত শত হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। চাষাবাদ করা যাচ্ছে না। ভূগর্ভে বিস্ফোরণ ঘটিয়ে কয়লা তোলায় প্রতি রাতে যে ভূকম্পন সৃষ্টি হয়, এর আতঙ্কে ওই এলাকার মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণের দাবিতে তিন বছর ধরে আন্দোলন করছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, বিষয়টি পুরোপুরি জেলা প্রশাসকের এখতিয়ারভুক্ত। ক্ষতিপূরণের জন্য জরিপকাজ তাঁরা করেছেন। ক্ষতিপূরণের ১৯০ কোটি টাকাও জেলা প্রশাসকের তহবিলে জমা হয়েছে। কবে থেকে এবং কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই সিদ্ধান্ত সরকার তথা জেলা প্রশাসক নেবেন।এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে জানান, আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, গাছপালাসহ বিভিন্ন পর্যায়ে জরিপ সময়সাপেক্ষ। জরিপকাজের শুরুতে তিন মাস জরিপ দলকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এ কারণেই জরিপকাজ শেষ করতে সময় লেগেছে। ১৬ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।