বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গঠিত দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গত শুক্রবার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এই সংঘর্ষের জের ধরে গতকাল শনিবার বড়পুকুরিয়া বাজারের একটি গুদামে অগ্নিসংযোগ, জীবন ও সম্পদ রক্ষা কমিটির কার্যালয় ভাঙচুর এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ অন্তত ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ কথা জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গঠিত জীবন ও সম্পদ রক্ষা কমিটির শতাধিক নেতা-কর্মী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা বাজারে অবস্থিত বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং সংগঠনের নেতাদের নাম ধরে গালাগাল দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জীবন ও সম্পদ রক্ষা কমিটির সদস্যরা ভূমি ও সম্পদ রক্ষা কমিটির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এ ঘটনার জন্য উভয় সংগঠনের নেতারা একে অপরকে দায়ী করেছেন। ফুলবাড়ী উপজেলা হাসপাতালে গুরুতর আহত ব্যক্তিরা হলেন, বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সদস্য শরীফুল ইসলাম ও মোমিনুল হক, শাহাদাৎ হোসেন ও মিজানুর রহমান। জীবন ও সম্পদ রক্ষা কমিটির মো. সুলতান, নুরুল্লাহ, আবুল কাশেম ও আকরাম হোসেন। সংঘর্ষ চলাকালে উত্তেজিত লোকজন বড়পুকুরিয়া বাজারসংলগ্ন এলাকার একটি চাতালে ঢুকে ৫০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন চাতালের মালিক জয়নাল আবেদীন।পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে ২০০৬ সাল থেকে ওই এলাকার কালপাড়া, জিগাগাড়ী, বড়পুকুরিয়াসহ ১১টি গ্রামে কৃষিজমি দেবে যায়। এলাকার ৩০০ একর জমি, চারটি সংযোগ রাস্তা এবং পাঁচটি কবরস্থান পানির নিচে তলিয়ে গিয়ে বিশাল জলাশয়ে পরিণত হয়েছে।গত ৮ সেপ্টেম্বর ক্ষতিপূরণ প্রদানে সরকারি প্যাকেজ ঘোষণা করা হয়। সেখানে একরপ্রতি কৃষিজমির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা ধরা হয়। অথচ সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী একরপ্রতি ৪০ লাখ টাকা জমির মূল্য এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মাইনিং সিটি নির্মাণের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি ওই প্যাকেজ প্রত্যাখ্যান করলেও জীবন ও সম্পদ রক্ষা কমিটি প্যাকেজ মেনে নেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এতে দুই সংগঠনের বিরোধ তীব্র হয়ে ওঠে। এ কারণে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে এলাকাবাসীসহ একাধিক সূত্র জানায়। এদিকে এ ঘটনায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি ইব্রাহীম খলিল বাদী হয়ে অপর পক্ষের ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক ব্যক্তির নামে গতকাল পার্বতীপুর থানায় মামলা করেছেনদিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ গতকাল বলেন, সমস্যা সমাধানে জেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে।