বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
দ্রুত স্থায়ী ক্ষতিপূরণ ও হয়রানি বন্ধের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসী গতকাল বুধবার বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত মানববন্ধন করেছেন। বড়পুকুরিয়া বাজার-বৈগ্রাম সড়কে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন হাতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। পাতড়াপাড়া গ্রামের আবদুল কুদ্দুস, অখিল উদ্দিন, বাঁশপুকুর গ্রামের সোহরাব উদ্দিন ও বলরামপুর গ্রামের জহুর উদ্দিন বলেন, তাঁদের প্রত্যেকের একেকজনের ৯০ শতাংশ থেকে শুরু করে ছয় একর পর্যন্ত জমি ক্ষতিপূরণের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলেও এখন পর্যন্ত এক টাকাও দেওয়া হয়নি। পাতড়াপাড়া গ্রামের আ. জব্বার বলেন, ‘তাঁর ১০ একর জমির মধ্যে মাত্র দুই একরের আংশিক ক্ষতিপূরণ পেয়েছেন। বাকি জমির ক্ষতিপূরণ পাবেন কি না তিনি জানেন না।’ বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান তদারকির দায়িত্বপ্রাপ্ত দিনাজপুর অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, এক হাজার ৩৭৫ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে কাগজপত্র যাচাই করে প্রথমপর্যায়ে ক্ষতিপূরণ প্রদানের জন্য ৮৩৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়। গত ২২ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর দুই দফায় বড়পুকুরিয়ায় ৪১২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩২ কোটি ২০ লাখ ৬ হাজার ৯৮৭ টাকা প্রদান করা হয়। ২০ নভেম্বর তৃতীয় দফায় আরও দুই শতাধিক পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। প্রসঙ্গত, বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত ৬২৭ একর ভূমি অধিগ্রহণ ও স্থায়ী ক্ষতিপূরণের জন্য গত বছরের ৯ নভেম্বর সরকার ১৯০ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার প্যাকেজ ঘোষণা করে।