বড়পুকুরিয়ায় ক্ষতিপূরণের চূড়ান্ত তালিকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের ভূমির মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর নির্বিঘ্ন করার জন্য কাগজপত্র গ্রহণ ও যাচাইবাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির কাজ গতকাল সোমবার থেকে শুরু করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবারও এ কাজ চলবে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেনের নেতৃত্বে নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) কর্মকর্তাদের ৮০ সদস্যের একটি দল এই কাজ করছে। দলের সমন্বয়কারী হচ্ছেন জাকির হোসেন।কয়লা ওঠানোর কারণে ক্ষতিগ্রস্ত ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণের জন্য ৭ ধারায় কাগজপত্র চূড়ান্ত বাছাইপ্রক্রিয়া নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে হওয়ার কথা থাকলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হয়রানি এড়ানোর জন্য কর্মকর্তারা বড়পুকুরিয়ায় এসে তা করছেন। একই জায়গায় ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ করা হবে বলেও জানিয়েছেন যাচাইবাছাই প্রক্রিয়ার সমন্বয়কারী। গতকাল ও আজ ক্ষতিগ্রস্ত এলাকার আটটি মৌজার ভূমির মালিকদের মালিকানার সমর্থনে এসএ রেকর্ডের সত্যায়িত কপি, ওয়ারিশ সনদপত্র, কবলা দলিল, আরএস রেকর্ডের মাঠপর্চা, মিউটেশনের কাগজপত্রাদি, খাজনা দাখিলা প্রভৃতি যাচাইবাছাই করা হবে। গতকাল কালুপাড়া, বলরামপুর, পাঁচঘরিয়া ও গোপালপাড়া মৌজার ভূমির মালিকদের কাগজপত্র বাছাই করা হয়। আজ বাছাই করা হবে বাঁশপুকুর, পাতিগ্রাম, বৈগ্রাম ও বৈদ্যনাথপুর মৌজার মালিকদের কাগজপত্র।কাগজপত্র বাছাই করার সঙ্গে সঙ্গে বৈধ ভূমির মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের চেকের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্থায়ী ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ করতে যাতে কোনো বিড়ম্বনা সৃষ্টি না হয়, সে জন্য এই প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস বলেন, ২২ সেপ্টেম্বর চেক বিতরণে স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ছাড়াও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির ছয়জন সদস্য উপস্থিত থাকবেন। ৬ সেপ্টেম্বর ঢাকায় পেট্রোবাংলার বোর্ডরুমে ভূমি প্রতিমন্ত্রী, পেট্রোবাংলার চেয়ারম্যান, দিনাজপুরের জেলা প্রশাসক ও বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ক্ষতিপূরণ দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হয়।