বড়পুকুরিয়ায় কয়লা তোলা বন্ধ থাকবে এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির প্রথম স্তরের উত্তোলনযোগ্য কয়লার মজুদ চলতি মাসের মাঝামাঝি শেষ হয়ে যাচ্ছে। এ কারণে এক মাস কয়লা তোলা বন্ধ থাকবে। তবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় স্তর থেকে কয়লা তোলা শুরু হবে।দ্বিতীয় স্তর থেকে তোলা শুরু হলে কয়লার উৎপাদন আরও বাড়বে। এক মাস কয়লা তোলা বন্ধ থাকলেও বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু থাকবে। এটি চালু রাখতে প্রয়োজনীয় কয়লা মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জানান, ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রথম স্তরের উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাচ্ছে। এরপর দ্বিতীয় স্তর থেকে কয়লা তোলা হবে। এখন দ্বিতীয় স্তরের উন্নয়নকাজ চলছে। এ ছাড়া কয়লা তোলার যন্ত্রপাতি দ্বিতীয় স্তরে বসাতেও কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে মার্চ মাসের মাঝামাঝি সময়ে কয়লা উৎপাদন আবার শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বর্তমান মাল্টিস্লাইজ পদ্ধতিতে বছরে আট থেকে ১০ লাখ মেট্রিক টন কয়লা তোলা হয়। দ্বিতীয় স্তর থেকে কয়লা তুলতে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড টপ কোল কেভিং) পদ্ধতি ব্যবহার করা হবে। এতে বছরে উৎপাদন আরও পাঁচ লাখ টন বাড়বে।এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু থাকলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মেট্রিক টন কয়লা লাগে। বর্তমানে এক লাখ ২২ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।