জমির মূল্য ঘোষণা না হওয়ায় এলাকাবাসীর বাধা
বড়পুকুরিয়ায় খনিনগরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু
দিনাজপুরের বড়পুকুরিয়ায় ‘খনিনগর’ (কোল মাইনিং সিটি) করার জন্য সরকার মোট ৬২৭ দশমিক ৭৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২৫ শতাংশ জরিপকাজ শেষও হয়েছে। তবে ওই এলাকায় অধিগ্রহণ করা জমির দাম কী হবে, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দেওয়ায় এলাকাবাসী এই জরিপকাজে বাধা দিচ্ছেন। দীর্ঘমেয়াদি জ্বালানি ঘাটতি পূরণে দেশের ক্ষেত্রগুলো থেকে বেশি করে কয়লা তোলার উদ্যোগ হিসেবে খনিনগর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সব কার্যক্রম দ্রুত শেষ করতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খনি এলাকার অধিবাসীদের বাধা দেওয়ার কথা জানিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) জামাল উদ্দীন ভূমি মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী চান বড়পুকুরিয়া খনি এলাকায় একটি ‘খনিনগর’ হোক। খনিনগর হলে এলাকার উন্নতি হবে। খনিসংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষিত করে তুলতে সেখানে প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের ফলে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁরা ন্যায্য ক্ষতিপূরণও পাবেন। খনি এলাকার অবস্থা: ভূমি প্রতিমন্ত্রীকে পাঠানো চিঠিতে দিনাজপুরের ডিসি জানান, প্রস্তাবিত অধিগ্রহণ এলাকার ভূমির মালিকানা নির্ধারণ ও শ্রেণীবিন্যাসের জন্য জরিপকাজে নিয়োগ দেওয়া সার্ভেয়ার ও কানুনগোরা জরিপকাজ শুরু করলে ‘ভূমি সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে ক্ষতিগ্রস্তদের একটি দল জরিপকাজে বাধা দেয়। তাদের দাবি, আগে জমির দাম নির্ধারণ করে পরে জরিপ করতে হবে। তার পরও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় জরিপকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা কাজ অব্যাহত রাখলে এলাকার জনগণ লাঠিসোঁটা নিয়ে বাধা দেন। দ্বিতীয় দফায় অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গেলে ‘বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ ও ‘ভূমি সম্পদ রক্ষা কমিটি’র নেতারা এলাকাবাসীর সঙ্গে অধিগ্রহণের বিষয়ে আলোচনা করেন। এরপর এলাকাবাসী জানান, প্রস্তাবিত জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করা না গেলে জনরোষ সৃষ্টি হবে। সর্বশেষ, গত মাসে (অক্টোবর) প্রস্তাবিত এলাকায় যৌথ তদন্তের ফিল্ডবই প্রস্তুতকরণ ও ভিডিও ধারণের জন্য গত মাসে সার্ভেয়ার ও কানুনগোরা এলাকায় গেলে তাঁদের বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই অবস্থায় তাঁরা জরিপ না করেই ফিরে আসেন। দিনাজপুরের ডিসি প্রথম আলোকে বলেন, যদিও ভূমি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ক্ষতিগ্রস্তদের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার পরও এলাকার কিছু লোক জরিপ ও ভিডিও ধারণের কাজ বাধাগ্রস্ত করছেন। তবে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে জরিপকাজ শুরু করা হবে। সরকারি সূত্রগুলো জানায়, কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্তদের খনিনগরে সব সুযোগ-সুবিধাসহ পুনর্বাসন ছাড়াও আন্তর্জাতিক নিয়ম ও হার অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার। সে অনুযায়ী বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি (বিসিএমসিএল) একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। সরকারের পরিকল্পনা: বড়পুকুরিয়া খনিতে মোট কয়লা মজুদের পরিমাণ প্রায় ৩৯ কোটি (৩৮৯ মিলিয়ন) মেট্রিক টন। এই খনির অর্ধেকের মতো এলাকা বিসিএমসিএলের আওতাধীন। তারা ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে সেখান থেকে ৩০ বছরে মোট মজুদের সর্বোচ্চ ২০ শতাংশ কয়লা তুলবে। এই কয়লা দিয়ে মূলত ২৫০ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি চলবে।কিন্তু বর্তমান সরকার জ্বালানি খাতের উন্নয়নে কয়লা উত্তোলন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের খনিনগরে পুনর্বাসনের পর সেখানকার খনিটির একাংশ উন্মুক্ত পদ্ধতিতে পরিচালনা করে দেখতে চায় সরকার। দেশে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে আমন্ত্রণ করে এনেও সরকার এ বিষয়ে আলোচনা করেছে। শুধু বড়পুকুরিয়ায় নয়, অন্য কয়লাখনিগুলো থেকেও বেশি পরিমাণে কয়লা তোলার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ও সরকার পরীক্ষা করে দেখছে।সরকার কয়লাভিত্তিক চারটি বড় (প্রতিটি কমপক্ষে ৫০০ মেগাওয়াট ক্ষমতার) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নিয়েছে দেশে বাড়তি কয়লা পাওয়ার সম্ভাবনা থেকেই। যদিও পরিকল্পনা অনুযায়ী শুরুতে সেগুলো আমদানি করা কয়লা দিয়ে চালু করার কথা।