বড়পুকুরিয়ায় দুই মাস ধরে কয়লা উত্তোলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন দুই মাস যাবৎ বন্ধ রয়েছে। এতে কয়লার মজুত ও সরবরাহ কমে যাওয়ায় বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক জানান, তাপবিদ্যুৎকেন্দ্রে বর্তমানে প্রতিদিন এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। কিন্তু খনি কর্তৃপক্ষ প্রতিদিন এক হাজার টনের বেশি কয়লা সরবরাহ দিতে পারছে না।খনি সূত্র জানায়, সম্প্রতি খনির ১২০৩ নম্বর ক্ষেত্র (কোল ফেজ) থেকে উত্তোলন শেষ হয়েছে। অন্যদিকে ১২১০ নম্বর ক্ষেত্র থেকে নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কাজ করায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। এত দিন ‘লং ওয়াল মেথড’ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হতো। এতে কয়লাক্ষেত্রের একদিক থেকে তিন মিটার পুরু কয়লার স্তর কেটে এগিয়ে যাওয়া হতো। কিন্তু নতুন ‘টপ কোল কেভিং’ পদ্ধতিতে কয়লাক্ষেত্রের ওপর ও নিচ উভয় পাশ থেকে একই সঙ্গে তিন মিটার করে মোট ছয় মিটার পুরু কয়লার স্তর কাটা হবে। এতে প্রতিদিন বর্তমানের চেয়ে গড়ে দ্বিগুণ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এ জন্য পূর্বপ্রস্তুতি হিসেবে খনি এলাকায় খননের মাধ্যমে ভূতাত্ত্বিক জরিপ করা প্রয়োজন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান জানান, আগের পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য কয়লা আহরণ এলাকার ভূগর্ভে ভূতাত্ত্বিক পরিস্থিতি অর্থাৎ ভূগর্ভে ফাটল, প্রাকৃতিক জলাধারের অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা, দাহ্য ও বিষাক্ত গ্যাসের উপস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া জরুরি। কিন্তু ফেব্রুয়ারি মাসে খনি এলাকার কালুপাড়া গ্রামের কাছে খনন করতে গেলে এলাকাবাসী বাধা দেওয়ায় প্রস্তুতিমূলক জরিপ বন্ধ হয়ে যায়। এ কারণে কোন পদ্ধতিতে কয়লা উৎপাদন করা হবে তা অনিশ্চিত হয়ে পড়ে।মো. কামরুজ্জামান আরও জানান, ১২১০ নম্বর নতুন কয়লাক্ষেত্রের কয়লা উৎপাদনের জন্য যন্ত্রপাতিও বসানো হয়েছে। তবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটি কোন পদ্ধতিতে কয়লা উত্তোলন করবে, তা জানাতে না পারায় কাজ শুরু করা সম্ভব হয়নি। ২৬ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে খনি বিশেষজ্ঞদের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে কয়লা উত্তোলনের কাজ শুরু করা যাবে। খনি সূত্র জানায়, ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর কয়লা উৎপাদন শুরুর পর কয়লাখনি থেকে এ পর্যন্ত ৫১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন কয়লা তোলা হয়েছে। এর মধ্যে ৩৬ লাখ আট হাজার টন কয়লা বড়পুকুরিয়ায় পিডিবির ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এবং অবশিষ্ট ১৫ লাখ ৭৮ হাজার টন দেশের বিভিন্ন ইটভাটা ও অন্যত্র জ্বালানি হিসেবে বিক্রি করা হয়েছে।