বড়পুকুরিয়ায় পানি ও বিদ্যুতের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ১০-১২টি গ্রামের কয়েক শ লোক পানি, বিদ্যুৎ ও কর্মসংস্থানের দাবিতে গতকাল বৃহস্পতিবার কয়লাখনি ও বিদ্যুৎকেন্দ্র এলাকায় মিছিল-সমাবেশ করেছে।পানি, বিদ্যুৎ ও কর্মসংস্থান আদায় সংগ্রাম কমিটির ব্যানারে বেলা ১১টার দিকে কয়েক শ লোক কয়লাখনি মোড়ে জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলটি কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্র এলাকা ঘুরে দুপুর ১২টার দিকে খনি মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ওবায়দুল হক সরকার, হারুনুর রশিদ, লুৎফর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর থেকে উপজেলার চৌহাটী, মধ্যদুর্গাপুর, সাহাগ্রাম, পূর্ব শেরপুর, দক্ষিণ শেরপুর, ডাঙ্গাপাড়া, হামিদপুর এবং ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর, বাগড়া, চককবিরসহ আশপাশের গ্রামগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ১৪টি গভীর নলকূপ ২৪ ঘণ্টা চালু রাখা এবং কয়লাখনি থেকে পানি তোলায় এসব গ্রামের নলকূপগুলো অকেজো হয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক জানান, এলাকাবাসীর দাবির বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসনসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।