বড়পুকুরিয়ায় ভূমি অধিগ্রহণের টাকার দাবিতে বিক্ষোভ
ভূমি অধিগ্রহণের পাওনা টাকা পরিশোধের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ লোক গত সোমবার সকালে বড়পুকুরিয়া কয়লাখনির প্রশাসনিক ভবনের ফটকের সামনে বিক্ষোভ করেন। ১৭ জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের পুরো টাকা পরিশোধ না করলে ১৮ জুন থেকে তিন দিন খনির প্রধান ফটকের সামনে ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবস্থান ধর্মঘট করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল একই দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বড়পুকুরিয়ায় এক ঘণ্টা মানববন্ধন করেন। সোমবার বিক্ষোভে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষ ভূমি অধিগ্রহণের পাওনা টাকা দিচ্ছে না। এখনো অনেকে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণের টাকা পাননি। দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বলেন, অধিগ্রহণ করা কিছু জমি নিয়ে আদালতে মামলা আছে। মামলা নিষ্পত্তি হলেই ওই জমির মালিকেরা টাকা পাবেন। আর অবকাঠামো বাবদ ১৮ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আছে, ওই টাকা এখনই দিতে চাই। কিন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা টাকা নিয়েও বসতভিটা ছাড়তে চাইছেন না।