বড় পুকুরিয়া অঞ্চলে ‘সরকারি তৎপরতাকে’ দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং পানি সম্পদের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ৫ মার্চ দেশব্যাপী ও ঢাকার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভাগীয় ও জেলা সমাবেশ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।পুলিশ নিয়ে জরিপ, মামলা-হামলাসহ এলাকায় সংঘাত সৃষ্টি, ক্ষতিপূরণ বন্ধ করে প্রতারণামূলক বিভিন্ন প্রচারণা, ভূমি অধিগ্রহণের তোড়জোড়, কয়লানীতি চূড়ান্ত হওয়ার আগেই উন্মুক্ত খনির সপক্ষে এলাকায় ভূমি প্রতিমন্ত্রীর অব্যহত প্রচারণা—এসব কাজকে সরকারি তৎপরতা বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ফুলবাড়ি থেকে বিতাড়িত এশিয়া এনার্জির পক্ষ থেকে বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করার নতুন প্রস্তাব করা হচ্ছে। আর বিদেশি কোম্পানির আতিথ্যে জার্মানি সফরের পর সংসদীয় কমিটি উন্মুক্ত খনির পক্ষে তদবির করছে।সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব আনু মুহাম্মদ। অন্যান্যের মধ্যে বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, ম. ইনামুল হক, বড়পুকুরিয়ার মিনহাজুল হক বুলবুল, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাগীব আহসান মুন্না, জোনায়েদ সাকী, মোশাররফ হোসেন নান্নু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।