বড়বাইশদিয়ার ভোগান্তি দারছিড়া নদী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের অধিবাসীদের উপজেলা শহরে যাওয়ার একমাত্র বাধা এই দারছিড়া নদী। উপজেলার সঙ্গে যোগাযোগসহ যেকোনো কাজে তাদের এই নদী পেরিয়ে যেতে হয়। শুধু একটি সেতু না থাকায় ইউনিয়নের প্রায় ৪০ হাজার বাসিন্দার ভোগান্তির শেষ নেই।
বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা দ্বীপচর রাঙ্গাবালী। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পাঁচটি ইউনিয়ন নিয়ে রাঙ্গাবালী উপজেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এমনিতেই জেলার বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। আবার এই উপজেলারই বিচ্ছিন্ন একটি ইউনিয়ন বড়বাইশদিয়া। এ ইউনিয়নের ৪০ হাজার মানুষ শুধু প্রয়োজনে, যেমন চাষাবাদ, মাছ ধরা এসব কাজে নদী পেরিয়ে বড়বাইশদিয়ায় যাতায়াত করে, কিন্তু বড়বাইশদিয়া এলাকার মানুষের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খেয়ানৌকা চলাচল করে, কিন্তু জরুরি প্রয়োজন হলেও অন্য সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে বড়বাইশদিয়ার মানুষ।
বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হোসেন বলেন, আসলে প্রতিদিনই খেয়ানৌকায় ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। অনেক সময় খেয়ানৌকা পেতে দেরি হলে স্কুলে পৌঁছাতে বিলম্ব হয়। তবে বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে ওঠে। তখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নদী পারাপার।
এনজিওকর্মী আশরাফ হোসেন বলেন, মাঠের কাজে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হয় তাঁকে। খেয়ানৌকায় মোটরসাইকেলসহ পারাপারের সময় আতঙ্কে থাকতে হয়। বৈরী আবহাওয়ায় অনেক সময় খেয়া চলাচল বন্ধ হয়ে যায়। তখন আটকে পড়ে ভোগান্তি আরও বেড়ে যায়।
বড়বাইশদিয়ার মৌডুবি এলাকার জিয়াদ হোসেন রাঙ্গাবালী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। জিহাদ বলেন, প্রতিদিন নদী পারাপার হয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। কোনো কারণে খেয়ানৌকা না পেলে পরীক্ষায় সঠিক সময়ে অংশ নেওয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে। এ কারণে তাঁর মতো অনেকেই রাঙ্গাবালীতে বাসা ভাড়া করে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এতে তাঁদের পরিবারের প্রচুর টাকা খরচ হচ্ছে।
রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, ‘আসলে নবগঠিত রাঙ্গাবালী উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন নেই। আমার ইউনিয়নে প্রায় ৪৫ হাজার মানুষ বসবাস করে। এর মধ্যে অর্ধেক লোককে নদী পেরিয়ে বড়বাইশদিয়ার চরাঞ্চলে চাষাবাদের জন্য যাতায়াত করতে হচ্ছে। গ্রামের মানুষগুলো চরম ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।’
এদিকে বড়বাইশদিয়া ইউপির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দারছিড়া নদীতে সেতু নির্মাণ না হওয়ায় আমার ইউনিয়নের ৪০ হাজার মানুষেরই দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন গড়ে দুই শতাধিক ছাত্রছাত্রী নদী পেরিয়ে উপজেলা শহরে গিয়ে লেখাপড়া করছে। তা ছাড়া প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার নারী-পুরুষ-শিশু খেয়ানৌকায় নদী পারাপার হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্ন এই ইউনিয়নে কাউকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্যও নদী পেরিয়ে উপজেলা ও জেলা শহরে যেতে হচ্ছে। বৈরী আবহাওয়ায় উত্তাল দারছিড়া নদী পারাপার চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আমার ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়কপথে যোগাযোগের লক্ষ্যে এখানে একটি সেতু নির্মাণের জন্য বারবার এলজিইডির কার্যালয়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী সিকান্দার বলেন, জনপ্রতিনিধিরা দারছিড়া নদীর ওপর সেতুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অবহিত করেছেন।
এলজিইডি পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, রাঙ্গাবালীর দারছিড়া নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং খুব শিগগির এর কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।