বড়রিয়া মেলায় ঘোড়দৌড় অনুষ্ঠিত
মাগুরার মহম্মদপুর উপজেলায় গতকাল বুধবার বড়রিয়া ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০০ বছর ধরে পৌষের ২৮ তারিখে এ দৌড় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সেখানে মেলা বসেছে। মেলা ঘিরে এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
এবারের প্রতিযোগিতায় ১৫টি ঘোড়া অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় লাহুড়িয়ার আলমগীর হোসেনের ঘোড়া প্রথম, রাজাপুরের ইলিয়াস মিয়ার ঘোড়া দ্বিতীয় ও পলাশবাড়িয়ার আজিজুর রহমানের ঘোড়া তৃতীয় হয়েছে।
মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলার কয়েক হাজার নারী-পুরুষ ভিড় জমান।
এ উপলক্ষে বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে স্টল বসে। কাঠ-বাঁশ, প্রসাধনী, বেতের আসবাব, তৈজস, মিষ্টিসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মূল মেলা এক দিন হলেও মেলার আগে ও পরে পক্ষকালব্যাপী চলে বেচাকেনা।