বড়লেখা ও জুড়ীতে ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে গতকাল সোমবার ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্র এ কথা জানায়।বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ওপর দিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মৌসুমি ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে দক্ষিণভাগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচ শতাধিক টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অর্ধশতাধিক ঘরের টিনের চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে বিপুল পরিমাণ গাছপালা। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. আমিনুর রহমান বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ৫০টির মতো ঘরের চাল উড়ে গেছে। প্রায় ৪০০ ঘরের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জেলা প্রশাসনের কাছে ত্রাণ চাওয়া হয়েছে।গতকাল বিকেল পাঁচটার দিকে শিলাবৃষ্টিতে জুড়ী সদরের জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপারের বেলাগাঁও, সোনাপুর, ভুয়াই, শাহপুর, নয়াগ্রাম ও জাঙ্গিরাই এবং পশ্চিম জুড়ীর বাছিরপুর, কৃষ্ণনগর ও খাগটেকা গ্রামে বোরো ধান ও সবজিখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।