বড়লেখা ও লাকসামে সংখ্যালঘুদের মন্দির বাড়িতে আগুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাংলাবাজার এলাকায় গত শুক্রবার রাতে একটি মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন তিনটি দোকানে আগুন দেওয়া হয়েছে। একই রাতে কুমিল্লার লাকসাম উপজেলায় এক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাবাজারের শ্রীবাস দাস ও লালমোহন দাসের মুদির দোকান, মনীষ দাসের ওষুধের দোকান এবং পাশের শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে আগুন দেয়। শ্রীবাস দাস ও লালমোহনের ছেলে রিপন দাস তখন দোকানে ঘুমাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা দোকানের বেড়া ভেঙে বাইরে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বড়লেখা দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।বড়লেখা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তাদের দাবিতে স্থানীয় লোকজন গতকাল সকাল ছয়টা থেকে বাছিরপুর-দাসের বাজার সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহামঞ্চদ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও বলেন, ‘তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’ এদিকে লাকসাম উপজেলার উত্তরদা গ্রামের গৃহবধূ মিলন রানী দাস জানান, তাঁর স্বামী রতন চন্দ্র দাস বিদেশে থাকেন। তিনি দুই ছেলে নিলয় চন্দ্র দাস (১৩) ও হূদয় চন্দ্র দাসকে (১০) নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার গভীর রাতে কে বা কারা তাঁদের আধা-পাকা ঘরে আগুন ধরিয়ে দেয়। লাকসাম থানার ওসি মো. আবুল খায়ের বলেন, এটি নাশকতামূলক কাজ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।