বড়লেখা সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে ডাকাতের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারতল এলাকায় ডাকাত আটক করতে গেলে বিজিবিকে (বর্ডার গার্ড অব বাংলাদেশ) লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।বিজিবি ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে।বড়লেখা থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারতলের মাঝগান্ধাই দিয়ে ১০-১২ জনের একটি দল চোরাই পথে ভারতে যাচ্ছে এমন খবরে বোবারতল সীমান্ত ফাঁড়ির হাবিলদার সফিউল্লাহর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আটক করার চেষ্টা করে। এ সময় একজনকে ধরেও ফেলে। তখন ডাকাতেরা দুই রাউন্ড ফাঁকা গুলি করলে আটক ব্যক্তি ছুটে পালিয়ে যায়। বড়লেখা থানার উপপরিদর্শক রজব আলী গতকাল শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারে বলা হয়েছে এরা সীমান্ত পেরিয়ে ডাকাতি করতে যাচ্ছিল। বিজিবি তাদের আটক করতে গেলে দুই রাউন্ড গুলি ছুড়ে ডাকাতেরা পালিয়ে যায়।