মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অভিযান চালিয়ে গত শনিবার দুপুরে ভিজিডির ১৫ বস্তা গম জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ অভিযান চালান। দুস্থ মহিলাদের ওজনে কম দিয়ে এসব গম আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী, ইউপি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও দুস্থ মহিলাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ইউনিয়নের দুস্থ মহিলাদের মধ্যে বিতরণের জন্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রায় সাত মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়নের ১১৮ জন দুস্থ মহিলাকে ৬০ কেজি করে বিতরণের কথা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে গম বিতরণ সম্পন্ন হয়। সূত্র জানায়, দুস্থ মহিলারা অনেকে ওজন দিয়ে দেখন, তাঁরা ৪০ থেকে ৫০ কেজি করে গম পেয়েছেন। গত শুক্রবার বিকেলে তাঁরা বিষয়টি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কয়েছ আহমদসহ আরও কয়েকজনকে জানান।এলাকাবাসী জানান, বিষয়টি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ওজনে কম পাওয়া কিছু মহিলাকে তড়িঘড়ি করে ডেকে গত শনিবার সকালে ইউপি কার্যালয়ের সামনে গম বিতরণের উদ্যোগ নেন। এ সময় স্থানীয়রা বাধা দেন। স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। দুপুর ১২টার দিকে জনস্বাস্থ্য বিভাগের উপজেলা কার্যালয়ের প্রকৌশলী কবির আহমদ কয়েকজন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। একপর্যায়ে ইউপি কার্যালয়ের একটি কক্ষ খুলে ভেতরে ১৫টি বস্তায় এক হাজার ২৭৫ কেজি গম পাওয়া যায়। পরে ওই কক্ষটি সিলগালা করা হয়।উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘আত্মসাতের চেষ্টার অভিযোগটি ঠিক নয়। ওজনে ত্রুটি হয়েছিল। পরে তা পুষিয়ে দিতে চেয়েছিলাম।’ ইউএনও রফিকুল আলম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।