বড়লেখার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
মৌলভীবাজার জেলা সদরের সঙ্গে বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কের বড়লেখা উপজেলার কাঁঠালতলিসহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে।এতে গতকাল শুক্রবার সকাল থেকে এই সড়ক দিয়ে ছোট-বড় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, কাঁঠালতলি বাজার এলাকার প্রায় আধা কিলোমিটার সড়ক হাঁটু থেকে কোমরসম পানিতে তলিয়ে গেছে। এর ফলে গতকাল সকাল থেকে এই স্থান দিয়ে ছোট-বড় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এ ছাড়াও বড়লেখা উপজেলা সদর থেকে ডিমাই রাস্তার মাটিকাটা নামক স্থানে পাহাড়ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া মাটিধসের কারণে কিছু কাঁচা ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার টিকাইটিকর এলাকার বুড়িকিয়ারির অপরিকল্পিত বাঁধের কারণে হাকালুকি থেকে পানি বের হয়ে কুশিয়ারা নদীতে যেতে পারছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং মাধবছড়াসহ বিভিন্ন ছড়া দিয়ে উপচে পাহাড়ি ঢল হাকালুকি হাওরে নামছে। এতে হাকালুকি হাওরে পানি বেড়ে চলছে। এরই মধ্যে এলাকার ব্যাপক অংশের আউস ফসলের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান গতকাল বলেন, ‘আমরা এখন পানিবন্দী হয়ে গেছি। হাকালুকির পানি বেড়ে রাস্তা ডুবে গেছে।’সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আলীম গতকাল বলেন, ‘মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কের বড়লেখা এলাকায় তিন-চারটি পয়েন্টে পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত না থাকলে হয়তো পানি নেমে যাবে।’