বড়লেখায় অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মুজিবুর রহমান নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামে এ ঘটনা ঘটে। বড়লেখা থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গ্রামের মৃত রকিব আলীর ছেলে মুজিবুর তাঁর প্রতিবেশী নুরুল হকের বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ওই বাড়ির দরজা ভেঙে মুজিবুরের কক্ষে ঢোকে। পরে দুর্বৃত্তরা দুই হাত বেঁধে শরীরের বিভিন্ন অংশে দা দিয়ে কুপিয়ে মুজিবুরকে হত্যা করে। এরপর দুর্বৃত্তরা পাশের কক্ষে থাকা আবদুল হক নামের অপর এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা করে। তিনি কোনো রকম পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। গতকাল সকালে খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ মুজিবুরের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।মুজিবুরের ভাই আবদুল মোতালিব জানান, সম্প্রতি মুজিবুর বাড়িতে নতুন করে ঘর নির্মাণ করেন। এ কারণে মুজিবুরের স্ত্রী শেফা বেগম ছয় মাসের শিশুপুত্রসহ তাঁর বাবার বাড়িতে চলে যান। আর মুজিবুর প্রতিবেশী নাছির উদ্দিনের বাড়ির একটি কক্ষে থাকতেন। এ ঘটনায় আবদুল মোতালিব বাদী হয়ে থানায় মামলা করেছেন।