বড়লেখায় আগুনে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে স্থানীয় লোকজন শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের টিনশেডের আধাপাকা মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। চিৎকার শুনে প্রথমে আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এরই মধ্যে ওই মার্কেটের জয়নাল স্টোর, বিসমিল্লাহ স্টোর, মা ভেরাইটিজ স্টোর, রুবেল ভেরাইটিজ স্টোর, ইউনিভার্সেল স্টোর, ঝুমন ফ্যাশন, সেবা ফার্মেসি, হিমাচল কনফেকশনারি, সুমাইয়া বস্ত্রবিতান, রাসেল ক্লথ স্টোর, খালেদ অ্যান্ড সহিদ স্টোর, ফটো ডিজিটাল, আল-আমিন ফার্মেসি, ইমন স্টেশনারি, শাহজালাল ভেরাইটিজ স্টোর, শাহান ভেরাইটিজ স্টোর, লিজা ভেরাইটিজ স্টোর, মাহিন স্টোর, তামান্না স্টোর, আমিনা ভেরাইটিজ স্টোর ও হীরা পুষ্পালয় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাত তিনটার দিকে বড়লেখা ফায়ার সার্ভিসের দুটি ও পাশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, জয়নাল আহমেদ, রুবেল আহমদ ও ছত্তার আলী বলেন, সামনে ঈদুল ফিতর। এ সময়টাতে বেশি বেচাকেনা চলে। দোকান পুড়ে যাওয়ায় তাঁরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ গতকাল শনিবার সকাল নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২১টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।