বড়লেখায় ইউএনওর সঙ্গে উপজেলা চেয়ারম্যানের বাগ্বিতণ্ডা
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-টেস্ট রিলিফ) কমিটির সভায় এ ঘটনা ঘটায় সভা পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বড়লেখার ইউএনও মো. শাহ আলম গত ২৫ মে জেলা প্রশাসন থেকে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিপরীতে টিআরের ৩১৮ দশমিক ১২ মেট্রিক টন খাদ্যশস্য (গম) বরাদ্দ পান। ইউএনও ইউনিয়নগুলোর জনসংখ্যা, আয়তন ও দুস্থতার ভিত্তিতে ইউপি চেয়ারম্যানদের চিঠি দিয়ে বরাদ্দের পরিমাণ জানান। সূত্র জানায়, ইউপি চেয়ারম্যানরা বণ্টন হওয়া খাদ্যশস্যের বিপরীতে বিভিন্ন প্রকল্প তৈরি করে সেগুলো অনুমোদনের জন্য উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটির (টিআর) সভায় প্রস্তাবাকারে উপস্থাপন করবেন বলে নিয়ম রয়েছে।জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ওই কমিটির সভা শুরু হয়। সভায় অন্যান্যের মধ্যে কমিটির সহসভাপতি ইউএনও, ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূরুজ্জামান ও ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম উত্তেজিত হয়ে উপজেলা চেয়ারম্যানের পরামর্শ ছাড়া কীভাবে খাদ্যশস্য বণ্টন করা হলো—এ বিষয়ে ইউএনওর কাছে ব্যাখা চান। ইউএনও এর ব্যাখা দেওয়ার চেষ্টা করলে চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান সভা বয়কট করে চলে যান। ইউএনও চলে যান বাসায়। এ সময় কয়েকজন বহিরাগত লোক ইউএনওর কক্ষে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন।সূত্র জানায়, বেলা তিনটার দিকে চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে একই কমিটির আরেকটি সভা উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হয়। ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ না করে আগেভাগে খাদ্যশস্য বণ্টন এবং প্রকল্প প্রস্তাব গ্রহণ করায় আমরা প্রথমে সভা বয়কট করি। পরের সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, ‘ইউএনওর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটির অবসান হয়ে গেছে।’ ইউএনও মো. শাহ আলম মুকুল প্রথম আলোকে বলেন, ‘আমি সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ করিনি। ইউপি চেয়ারম্যানদের তৈরি প্রকল্পের প্রস্তাবগুলো নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা। কিন্তু এ কথা তাঁদের (উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান) বোঝানোই যাচ্ছিল না।’ তিনি জানান, ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। পরিবারের সদস্য ও তাঁর নিরাপত্তা চেয়ে বড়লেখা থানায় জিডি করেছেন।