বড়লেখায় এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সংকট নিয়ে তদন্ত কমিটি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রের সংকটের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ছাড়া বড়লেখা উপজেলা প্রশাসন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।গত রোববার উপজেলা সদরের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ উপকেন্দ্রে পরীক্ষা শুরুর পর ৭৯টি প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। এতে ১৫৮ জন পরীক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রশ্নপত্র ফটোকপি করে বিলি করা হয়।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র সংকটের ঘটনায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ রোববার বিকেলেই বোর্ডের সচিব আফতাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বোর্ডের কলেজ পরিদর্শক হাফিজুর রহমান পীর ও স্কুল পরিদর্শক আবদুল মান্নান খান। এ ছাড়া প্রশ্নপত্রের সংকটের ব্যাপারে গতকাল সোমবার পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওসার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে এক কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দিন।উপজেলা পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওসার হোসেন বলেন, ‘গণনার সময় প্রশ্নপত্র ঠিক ছিল। তবে পরীক্ষার্থীদের সংখ্যা-সংক্রান্ত সমন্বিত বিবরণীটি হাতে না থাকায় সঠিকভাবে গণনা করা যায়নি।’