বড়লেখায় ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের পানিধার এলাকায় অবস্থিত একটি বেসরকারি ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় গতকাল বুধবার সন্ধ্যায় শামীমা সুলতানা (৩০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি সদর ইউনিয়নের ডিমাই গ্রামের শাহান উদ্দিনের স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও এলাকার লোকজন ওই ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন।নিহত শামীমা সুলতানার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রসবব্যথা শুরু হলে গতকাল বেলা ১২টার দিকে শামীমাকে ‘বড়লেখা পলি ক্লিনিকে’ তাঁর স্বজনেরা ভর্তি করেন। অস্ত্রোপচারের চিকিৎসকের পৌঁছাতে দেরি হওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মৃত্যু ঘটে।খবরটি জানাজানি হলে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও এলাকার লোকজন উত্তেজিত হয়ে সন্ধ্যা সাতটার দিকে ক্লিনিকে ভাঙচুর শুরু করেন। এতে ক্লিনিকের কয়েকটি কক্ষের কাচের জানালা ও আসবাব ভাঙচুর হয়। টের পেয়ে ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা আগেই সটকে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমিনুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান একদল পুলিশ নিয়ে সেখানে যান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে লোকজনকে শান্ত করেন। এর পরিপ্রেক্ষিতে স্বজনেরা নিহত শামীমার লাশ নিয়ে বাড়িতে রওনা দেন। নিহত শামীমার স্বামী শাহান উদ্দিনের অভিযোগ, মৌলভীবাজার জেলা সদর থেকে অস্ত্রোপচারের চিকিৎসক আনার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে। সে কারণে তাঁর স্ত্রীর মৃত্যু ঘটেছে।মুঠোফোনে যোগাযোগ করলে ক্লিনিকের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বর্ণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তাই এ ব্যাপারে বিস্তারিত জানেন না।বড়লেখা থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, নিহত শামীমার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।