বড়লেখায় গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। আহত ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গত শনিবার বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত গৃহবধূ সালমা বেগম (২২) উপজেলার মুড়াউল গ্রামের বাসিন্দা করাতকলের শ্রমিক জয়নাল মিয়ার (৩৫) স্ত্রী। তাঁর বাবার বাড়ি পাশের জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামে।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বছরখানেক আগে জয়নাল ও সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তুচ্ছ কারণে জয়নাল প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। মাসখানেক আগে স্বজনেরা সালমাকে বাবার বাড়িতে নিয়ে যান। এর কিছুদিন পর জয়নাল শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। গত শনিবার দুপুরে বাড়িতে সালমা একা ছিলেন। তখন অজ্ঞাত পরিচয় দুই যুবক ও হিজাব পরা এক নারী ওই বাড়িতে আসেন। তাঁরা সালমার মুখে কাপড় গুঁজে চেয়ারে বসিয়ে তাঁকে শাড়ি দিয়ে বেঁধে ফেলেন। এ সময় এক যুবক ছুরি দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির উঠানে প্রতিবেশী এক কিশোরকে দেখে তাঁরা দ্রুত সটকে পড়েন। চলে যাওয়ার সময় তাঁরা সালমাকে সংসার ছেড়ে যাওয়ার হুমকি দেন। খবর পেয়ে জয়নাল বাড়িতে গিয়ে সালমাকে নিয়ে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সালমার গলায় সাতটি সেলাই দেওয়া হয়।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি চিন্তা করে সালমারকে বাবার বাড়িতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।