বড়লেখায় ঘূর্ণিঝড়ে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত বুধবার রাতে দুই দফা ঘূর্ণিঝড়ে তিনটি ইউনিয়নের পাঁচ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে বিভিন্ন জাতের শতাধিক গাছ। ঘর ও গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছে অন্তত ৫০ জন।জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায়। ঝড়ে ইউনিয়নের কান্দিগ্রাম, নওয়াগাঁও, কবিরা, পুকুয়া, ইটাউড়ি ও দৌলতপুর বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ওপর দিয়ে আরেকটি ঘূর্ণিঝড় হয়। এতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভুয়ালি, ছিদরপুর, চুয়ারকান্দি, মোহনপুর ও চরগ্রাম এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল, গুলশা, সুজাউল ও সুফিনগর গ্রামের অনেক ক্ষতি হয়েছে।উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দেখলে ডর লাগে, মানুষ বাঁচল কেমনে!’বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম বলেন, কবিরা গ্রামের শতাধিক ঘর মাটিতে মিশে গেছে। সব ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। কাজ চলছে। ঘূর্ণিঝড়ে অল্প জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান, জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পাঁচ টন চাল ও ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।