বড়লেখায় চা-বাগানে শ্রমিকদের একাংশে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা চা-বাগানে কিশোরী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক পঞ্চায়েতের সভাপতিসহ ছয় শ্রমিককে বাগান ত্যাগের নির্দেশ দেওয়ায় শ্রমিকদের একাংশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।জানা গেছে, ছোটলেখা চা-বাগানের এক শ্রমিকের কিশোরী মেয়েকে গত ২০ সেপ্টেম্বর একই বাগানের শ্রমিক লিটন মিয়াসহ (১৯) কয়েকজন অপহরণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা ২৮ সেপ্টেম্বর বড়লেখা থানায় একটি এজাহার দেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় মেয়েটিকে উদ্ধার এবং লিটনকে আটক করে। এতে ক্ষুব্ধ লিটনের স্বজনেরা ৩০ সেপ্টেম্বর রাতে ওই মেয়ের বাড়িতে হামলা চালায়। মেয়েটির বাবা ১ অক্টোবর লিটনের খালু ও বাগানের শ্রমিক পঞ্চায়েতের সভাপতি খলিল মিয়াসহ (৪৫) মোট ২৬ জনকে আসামি করে থানায় আরেকটি এজাহার দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, লিটনকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটি পুলিশের নিরাপত্তা হেফাজতে আছে। বাগান কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অভিযোগে কর্মকর্তারা গত শনিবার শ্রমিক পঞ্চায়েতের সভাপতি খলিল, শ্রমিক খোরশেদ, কালাম, আলী নেওয়াজ, আবুল ও পাবেলকে ডেকে পরিবার-পরিজন নিয়ে চলে যাওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাদের শ্রমিকদের একাংশের মধ্যে উত্তজনা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন খলিল সমর্থক বলেছেন, ওই ছয়জনকে বের করে দেওয়া হলে তাঁরা আন্দোলনে যাবেন। খলিল মিয়া গতকাল রোববার মুঠোফোনে দাবি করেন, ভাঙচুর ও মারধরের ঘটনায় তিনিসহ অন্যরা জড়িত নন। কর্তৃপক্ষ তাঁদের বাগান থেকে বিতাড়িত করতে চাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বাগানের মহাব্যবস্থাপক শেখ মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্তদের কয়েকদিনের জন্য বাগানের বাইরে চলে যেতে বলা হয়েছে। এর বেশি কিছু নয়।’