বড়লেখায় চা-বাগানের মালিকানা নিয়ে সংঘর্ষ পাঁচজন গুলিবিদ্ধ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ চা-বাগানের মালিকানা নিয়ে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে।বড়লেখা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল্লাদাদ চা-বাগানের মালিকানা নিয়ে এজাজ আহমদ চৌধুরী ও ইসমত আহমদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এজাজ তাঁর লোকজন নিয়ে বাগানটি দখলে নেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইসমতের নিয়োজিত চা-বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিন এজাজের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এজাজের ভাই রুমেল আহমদ চৌধুরী, তাঁদের পক্ষের ওমর, জামাল, হান্নান ও জসিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত রুমেল বাদী হয়ে ব্যবস্থাপক সিরাজসহ ছয়জনকে আসামি করে বড়লেখা থানায় মামলা করেন। রাত সাড়ে ১০টার দিকে আল্লাদাদ চা-বাগানের নিজ বাংলো থেকে পুলিশ সিরাজকে গ্রেপ্তার করে।রুমেল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাগানটির মালিক ছিলেন ইসমত চৌধুরী ও তাঁর আরও তিন আত্মীয়। ২০০৭ সালের দিকে তাঁর ভাই এজাজ বাগানের অর্ধেক এবং কয়েক মাস আগে বাকি অর্ধেক অংশ কেনেন। কিন্তু নতুন কেনা অংশের কাগজপত্র এখনো বুঝে পাননি। এরই মধ্যে তাঁরা জানতে পারেন, ইসমত চৌধুরী চা-বাগানের অর্ধেক অংশ হুমায়ুন নামের এক ব্যক্তির কাছে গোপনে বিক্রি করেছেন। রুমেল দাবি করেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে বেড়াতে আসা কয়েকজন অতিথি নিয়ে বাগানে ঢুকলে ইসমত চৌধুরীর লোকজন তাঁদের ওপর চড়াও হন। এ সময় ব্যবস্থাপক সিরাজ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। যোগাযোগের চেষ্টা করলে ইসমত আহমদ চৌধুরীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বড়লেখা থানার ওসি অমল কুমার ধর গতকাল শুক্রবার বলেন, সিরাজকে জেলহাজতে পাঠানো হয়েছে।