বড়লেখায় চারটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের অভাবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের মধ্যে দুটিই ছয়মাস ধরে তালাবদ্ধ রয়েছে। বাকি দুটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। আবার এই চারটির কোনোটিতেই চিকিৎসক নেই। এতে এলাকার লোকজন এখানে এসে যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখার ১০ ইউনিয়নের মধ্যে দক্ষিণভাগ (দক্ষিণ), সুজানগর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র আছে। লোকবলের অভাবে দক্ষিণভাগ (দক্ষিণ) ও সুজানগর কেন্দ্র প্রায় ছয় মাস ধরে তালাবদ্ধ। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শামসুন নাহার উত্তর শাহবাজপুর এবং বিভা দে দক্ষিণ শাহবাজপুর কেন্দ্র একাই সামলাচ্ছেন।সূত্র জানায়, প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা, পরিদর্শক, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তা প্রহরী থাকার কথা, কিন্তু ওই চারটি ইউনিয়নের একটি স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসক নেই।দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেন্দ্রটি ছয়-সাত মাস ধরে তালাবদ্ধ থাকায় বিভিন্ন গ্রামের দরিদ্র লোকজন স্বাস্থ্য ও চিকিৎসাসেবা পাচ্ছেন না। সুজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তাঁর এলাকার বেশির ভাগ গ্রাম হাকালুকি হাওর পারে অবস্থিত। এসব গ্রামের নারীরা নানা রোগে আক্রান্ত হন। আগে একজন চিকিৎসক মাঝেমধ্যে আসতেন। তখন নারীরা কিছুটা হলেও সেবা পেতেন। কিন্তু গত দুই মাস ধরে তাঁকে আর দেখা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, মূলত লোকবলের অভাবে এ সমস্যা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নে সরকার সম্প্রতি ১০ জন চিকিৎসক নিয়োগ দিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে ওই চারটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে দায়িত্ব দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।