বড়লেখায় চালককে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ
ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে এক চালককে গ্রেপ্তার করায় মৌলভীবাজার-বড়লেখা-সিলেট সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অবরোধ চলে।
স্থানীয় প্রশাসন, পরিবহন শ্রমিক ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বড়লেখা পৌর এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে চালককে কাগজপত্র দেখাতে বলেন ট্রাফিক পুলিশ ওয়াহিদ আহমদ। এ নিয়ে চালক ও ট্রাফিক পুলিশের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাইক্রোবাসের চালক বাদশা ফুয়াদ (২৮) গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। ট্রাফিককে লাঞ্ছিত করায় পুলিশ গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওয়াহিদ আহমদ বাদী হয়ে মামলা করেন। গতকালই চালককে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, নিয়মিত চেকের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না দেখতে চেয়েছিল।