বড়লেখায় ছাত্রশিবিরের হামলায় ৫ পুলিশ আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত চত্বরে গতকাল বুধবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রশিবিরের কর্মীদের হামলায় পুলিশের তিন কর্মকর্তা, দুই কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারুক উদ্দিনের আদালতে ইসলামী ছাত্রশিবিরের করা একটি মামলার শুনানি চলছিল। এ সময় ছাত্রশিবির ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আদালত চত্বরে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় আইনজীবীদের একটি কক্ষের দরজা-জানালার কাচ ভাঙচুর করা হয়।খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বড়লেখা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন (৪০), মো. কায়কোবাদ (৪০), সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব সিংহ (৩০), কনস্টেবল মানিক চন্দ্র দাশ (৪৫) ও জিতু মিয়া (২৫) আহত হন। এ ছাড়া আদালতে মামলাসংক্রান্ত কাজে আসা রেজান মিয়া (২৮) ও আলী আহমদ (৩৫) আহত হন। জিতু মিয়া ও আলী আহমদকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই কায়কোবাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ওই ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা হাজীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান আরহাম ট্রেডার্স ও রাজমহল সুইটসে ভাঙচুর করেন।ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি হামিদুর রহমান বলেন, ‘আমরা সেখানে (আদালতে) শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। ছাত্রশিবিরের স্থানীয় ও বহিরাগত ক্যাডাররা পরিকল্পিতভাবে প্রথমে আমাদের নেতা-কর্মী এবং পরে পুলিশের ওপর হামলা চালায়।’ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত নন বলে হামিদুর দাবি করেন।এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও ছাত্রশিবিরের উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।তবে ছাত্রশিবিরের কর্মীরা হামলায় জড়িত ছিলেন না দাবি করে শিবিরের জেলা কমিটির সভাপতি এ বি কবীর প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা পুলিশের ওপর হামলার নিন্দা জানাই।’বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় এসআই কায়কোবাদ বাদী হয়ে ছাত্রশিবিরের উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ ৫০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করেছেন। ওসি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পৌর সদরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।