বড়লেখায় ডাকাতি করতে এসে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে এসে দুজন ধরা পড়েছে। ডাকাত দলের অন্য দুই সদস্য নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেছরিগুল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী আপ্তারুন নেছা (৪০) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চাকরি করেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে চারজনের ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। পরিবারের সদস্যরা বলেন, ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকলে আপ্তারুন নেছার জামাতা আলাল উদ্দিন (৩০) তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ডাকাতেরা আলালকে পিটিয়ে আহত করে। পরে স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা লুট করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা রুমেল ও জামালকে আটক করে। অন্য দুই ডাকাত অলংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রুমেল ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে।