বড়লেখায় ডাকাতের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালানোর সময় প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেন খালেদ (২৭) নামের এক ব্যক্তি নিহত হন। গত শুক্রবার রাতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের উত্তর কুমারশাইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল উত্তর কুমারশাইল গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল খালিকের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করলে আবদুল খালিক বাধা দেন। এ সময় ডাকাতেরা তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তারা পরিবারের সবাইকে বেঁধে ফেলে আবদুল খালিকের লাইসেন্স করা বন্দুক, ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা ঘর থেকে বের হওয়ামাত্র আবদুল খালিকের পরিবারের সবাই চিৎকার শুরু করে। এতে পাশের বাড়ির আনোয়ার ও মোস্তফা উদ্দিন ছুটে আসেন। তখন ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। মোস্তফা আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ডাকাতের পিটুনিতে আহত আবদুল খালিক ও তাঁর ছেলে জাবের হোসেনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে লাতু পুলিশ ফাঁড়ির সদস্য ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। রাত তিনটার দিকে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহাদুজ্জামান মিয়া ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ঘটনাস্থলে যান।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর গতকাল শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আনোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবদুল খালিকের ছেলে উজ্জ্বল বাদী হয়ে মামলা করেছেন।