বড়লেখায় দুই একর সরকারি জায়গা উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন গত বুধবার মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটন এলাকায় স্থানীয় কেরামতনগর চা-বাগান কর্তৃপক্ষের অবৈধ দখলে থাকা দুই একর সরকারি জায়গা উদ্ধার করেছে। তবে বাগান কর্তৃপক্ষ ওই জায়গা তাদের ইজারাভুক্ত বলে দাবি করেছে।বড়লেখার ভূমি কার্যালয়, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবকুণ্ড পর্যটন এলাকায় স্থানীয় দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের গৌরনগর দ্বিতীয় খণ্ড মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত দুই একর জায়গা দীর্ঘদিন ধরে কেরামতনগর চা-বাগান কর্তৃপক্ষের অবৈধ দখলে ছিল। কর্তৃপক্ষ ওই জায়গায় বেশ কিছু চায়ের গাছ ও ছায়াবৃক্ষ লাগায়। মাস ছয়েক আগে ওই জায়গা ছেড়ে দিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাগানের ব্যবস্থাপককে একটি চিঠি দেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।বড়লেখার ইউএনও রফিকুল আলম জায়গা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, উদ্ধার করা জায়গাটি চা-বাগান কর্তৃপক্ষের ইজারাভুক্ত নয়। ইজারাবহির্ভূত জায়গায় গাছগাছালি রোপণ করে অবৈধভাবে দখলের চেষ্টা করাটা এক ধরনের অপরাধ। আর উচ্ছেদের নোটিশ না পাওয়ার অভিযোগটি সঠিক নয়।