বড়লেখায় দুই বাড়িতে ডাকাতি
মৌলভীবাজারের বড়লেখায় গত রোববার রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে।বড়লেখা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাগেরকোনা গ্রামে রোববার রাত সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জন ডাকাতের সংঘবদ্ধ একটি দল দুবাই-প্রবাসী মতিউর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা এ সময় ডাকাতেরা ঘরের চারটি কক্ষের আলমারি ভেঙে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, দিরহামসহ ৪৫ হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।অপর দিকে, একই রাতে প্রায় দুই ঘণ্টা ব্যবধানে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ভাড্ডা গ্রামে সাত-আটজন ডাকাতের সংঘবদ্ধ একটি দল ফয়সল আহমদের বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ঘরে ঢুকে সবাইকে বেঁধে সাত ভরি ওজনের স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।