বড়লেখায় দেবোত্তর ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারীশিক্ষা একাডেমীর (স্কুল ও ডিগ্রি কলেজ) সামনের দেবোত্তর ভূমি রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনের আগে একাডেমীর পক্ষ থেকে একাডেমীর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমীর অধ্যক্ষ হারুন অর রশীদ। তিনি বলেন, নারীশিক্ষা একাডেমীর সামনে কাঁঠালতলী মৌজায় মৃত লক্ষ্মী নারায়ণের দান করা কোটি টাকার প্রায় ৪৫ শতক দেবোত্তর ভূমি রয়েছে। দেবোত্তর সম্পত্তি হস্তান্তর কিংবা বিক্রির নিয়ম না থাকলেও তার উত্তরাধিকারেরা এই ভূমি বিক্রির চেষ্টা করছেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ কে এম হেলাল আহমদ, প্রভাষক মাসুক আহমদ খান, প্রভাষক বেলাল আহমদ প্রমুখ।অধ্যক্ষ হারুন অর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই ভূমি কলেজের সঙ্গে সংযুক্ত। অন্য কারও কাছে বিক্রি করা হলে নারীশিক্ষা একাডেমীর শিক্ষার পরিবেশ রক্ষা করা যাবে না। একাডেমীর সামনে দালানকোঠা তৈরি করা হবে। এটা কলেজকে দান করে দিতে পারে। আমরা সাধ্যমতো মূল্য দিয়ে দিবো।’