বড়লেখায় পাঠ্যবই বিতরণে টাকা আদায়ের অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসায় বিনা মূল্যের সরকারি পাঠ্যবই বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ কাজে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির একজন শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠে।প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বছর শুরুর প্রথম দিন গত রোববার থেকে সারা দেশের মতো ওই মাদ্রাসায়ও পাঠ্যবই বিতরণ শুরু হয়। কিন্তু গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিনা মূল্যের এই বই বিতরণকালে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মদরিছ আলী বিভিন্ন শ্রেণীর ৩০-৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩৫, ৪০ ও ৫০ টাকা করে আদায় করেন। এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক সামছুল হক এ কাজে তাঁকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারিনটেনডেন্ট ও তাঁর ভাতিজা খণ্ডকালীন শিক্ষক সামছুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।সামছুল হক লাঞ্ছনার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কুমার দেব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করে সঠিক প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।