বড়লেখায় পিআইওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকা বিভিন্ন প্রকল্প থেকে ভ্যাটের নামে প্রায় সাত লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন তদন্ত করে এই অভিযোগের সত্যতা পেয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বড়লেখায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় স্থানীয় সাংসদের বিশেষ ও সাধারণ বরাদ্দ থেকে টিআরের (টেস্ট রিলিফ) ২২৭টি প্রকল্পে ৭১ লাখ টাকা এবং ২৬৮টি প্রকল্পে ৩৩৬ মেট্রিক টন খাদ্যশস্য (গম) পাওয়া যায়। এ সময় বরাদ্দপত্র ছাড়কালে পিআইও আয়েশা সিদ্দিকা বিভিন্ন প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাটের নামে এক-দেড় হাজার টাকা আদায় করেন। অথচ এ ক্ষেত্রে ভ্যাট আদায়ের কোনো নিয়ম নেই। খোঁজখবর নিয়ে জেনে গত ১৭ জুলাই কয়েকটি প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদক এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই ইউএনও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নাজির আহমেদ চৌধুরীকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ভ্যাটের নামে সাত লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সম্প্রতি এ ব্যাপারে ইউএনওর কাছে একটি প্রতিবেদন দিয়েছেন।সূত্র জানায়, গত ১৮ জুলাই থেকে পিআইও আয়েশা সিদ্দিকা কর্মস্থলে অনুপস্থিত। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ছুটি নেননি।বড়লেখার ইউএনও মো. রফিকুল আলম তদন্তের প্রতিবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ভ্যাট কর্তনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছিল না। বুঝেশুনেও পিআইও কাজটি ঠিক করেননি। তিনি জানান, টাকা আত্মসাৎ ও অননুমোদিত ছুটিতে থাকার বিষয়টি তিনি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) লিখিতভাবে জানিয়েছেন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) মো. জিয়াউর রহমান গতকাল জানান, তিনি নতুন যোগদান করেছেন। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।পিআইও আয়েশা সিদ্দিকা গতকাল বিকেলে মুঠোফোনে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। টাকা আত্মসাতের অভিযোগ সঠিক নয়। এ ছাড়া তিনি ছুটি নিয়েছেন বলেও দাবি করেন।