বড়লেখায় পুলিশের বিরুদ্ধে চড়ক মেলায় ভাঙচুরের অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামে চড়ক মেলায় গত সোমবার সন্ধ্যায় পুলিশ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজ দক্ষিণভাগ গ্রামের সর্বজনীন পূজামণ্ডপে দিনব্যাপী চড়ক মেলার আয়োজন করা হয়। গত সোমবার সকাল থেকেই মণ্ডপের পাশের মাঠে মেলা বসে। স্থানীয় কিছু লোক সেখানে জুয়ার আসর বসাতে চাইলে মেলার আয়োজকেরা তা প্রত্যাখ্যান করেন। মেলা চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা আকস্মিকভাবে কয়েকটি দোকানে ভাঙচুর শুরু করেন। এতে একটি দোকানে জ্বলন্ত কুপি থেকে আগুনও ধরে যায়। মেলায় আসা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে আয়োজকেরা পুলিশকে অনুরোধ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে রাত প্রায় আটটা পর্যন্ত মেলা চলে।পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি রণজিত কুমার পাল বলেন, ‘রাত নয়টা পর্যন্ত মেলা চালানোর জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু পুলিশের আকস্মিক ভাঙচুরের ঘটনায় হতবাক হয়েছি।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, জুয়াড়িরা সুযোগ না পেয়ে পুলিশকে দিয়ে কাজটি করিয়েছে।বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মেলায় বিদ্যুৎ ছিল না। এ ছাড়া জুয়াড়িরা সেখানে হামলা চালাতে পারে, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে দোকান বন্ধ করতে ব্যবসায়ীদের অনুরোধ করি। এ সময় একটি দোকানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে।’