বড়লেখায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুহেল আহমদ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের নাছির আলীর ছেলে এবং বড়লেখা ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষে পড়ত। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার সকাল ১০টার দিকে জামকান্দি গ্রামের নাছির আলীর সঙ্গে সহোদর আছির আলীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আছির আলী এবং তাঁর দুই ছেলে আবদুস সামাদ ও জসিম উদ্দিন লাঠিসোঁটা নিয়ে নাছির আলীর ওপর হামলার চেষ্টা চালান। খবর পেয়ে বাবাকে রক্ষা করতে সুহেল ছুটে এলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি লাঠিপেটা করে। এতে সুহেলের মাথা ফেটে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ১০টার দিকে সুহেল মারা যায়। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।বড়লেখা থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত সুহেলের বাবা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত আছির আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।