বড়লেখায় প্রবাসীর বিরুদ্ধে টিলা কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বাড়ি নির্মাণের জন্য দুবাইপ্রবাসী এক ব্যক্তি শ্রমিক দিয়ে চা-বাগানের ইজারাভুক্ত সরকারি জমির টিলা কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবেশ সংরক্ষণ আইনের ধারা-৬-এর (খ) উপধারায় বলা হয়েছে, পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন বা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে টিলা কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে এ কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছানুর মিয়া বলেন, তাঁর দুবাইপ্রবাসী বোন আয়েশা বেগম বাড়ি নির্মাণের জন্য টিলাটি কাটাচ্ছেন। চার-পাঁচ দিন ধরে কাজ শুরু হয়েছে। আশপাশে তাঁদের ভাইবোনদের পাঁচটি বাড়ি আছে। জায়গাটি সরকারি খাসজমি হলেও তাঁরা ৩০-৪০ বছর ধরে এখানে থাকেন।
চা-বাগানের শ্রমিকেরা বলেন, এর আগে টিলা কাটার স্থান থেকে প্রায় ৩০০ গজ দূরে উত্তর চানপুর এলাকায় মশাহীদ আলী নামের এক ব্যক্তি তাঁর মালিকানাধীন একটি টিলা কেটে নিচে বাড়ি নির্মাণ করেন। গত বছর বর্ষাকালে বৃষ্টিতে ওই বসতঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে মশাহীদ আলীর শিশুসন্তানসহ পাঁচ সদস্য আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেন, তাঁরা এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।