হাকালুকি হাওরে পানি বেড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে চারটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে উঠেছে। এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
সিলেটের চার উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিয়ানীবাজারের ৩৫ হাজার মানুষ এখনো পানিবন্দী। উপজেলা প্রশাসন আজ শনিবার থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করবে। এ ছাড়া বন্যার কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ এখনো পানিবন্দী আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওর-সংলগ্ন বর্ণি, তালিমপুর, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্রায় দুই সপ্তাহ ধরে পানিবন্দী। এদিকে কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে পানি বেড়েছে। এতে প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক ঘরে পানি উঠেছে। ঝোড়ো বাতাসে অনেক কাঁচা ঘরের বেড়া ভেসে গেছে। এসব এলাকার ১১৫টি পরিবার তালিমপুর ইউনিয়নের হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চবিদ্যালয় এবং সুজানগর ইউনিয়নের সিদ্দেক আলী উচ্চবিদ্যালয় ও আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
তালিমপুর ইউনিয়নের প্রায় ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এলাকার কানুনগো বাজার ও বাংলাবাজারে প্রায় হাঁটুপানি। বর্ণি ইউনিয়নেরও প্রায় ৭০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। সন্ধ্যার পর হাওরে বিশাল ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এতে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ছে। লোকজন কচুরিপানা দিয়ে ভিটেমাটি ঠেকানোর চেষ্টা করছে।
গতকাল শুক্রবার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের সুমন আহমদ বলেন, বাড়ির নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। একই ইউনিয়নের দশঘরি গ্রামের সমজিদ আলী (৮০) বলেন, ‘আমরা ঢেউয়ের লগে খেলা কররাম। কত দিন এভাবে চলমু জানি না। ঘরর অর্ধেক ভাঙ্গি গেছে।’
পানি বৃদ্ধির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুজানগর ইউনিয়নের দশঘরি, রাঙ্গিনগর, ঝগড়ি, বাড্ডা, পটলপুর, পাটনা, আমবাড়ি, চরকোনা, বাঘেরকোনা, পশ্চিম সালদিঘা, তেরাকুরি, ভোলারকান্দি, উত্তর বাঘমারা, ভবেনশ্বর; তালিমপুর ইউনিয়নের হাল্লা, ইসলামপুর, কুটাউরা, বাড্ডা, নুনুয়া, পাবিজুরি, শ্রীরামপুর, মুর্শিবাদকুরা, পশ্চিম গগড়া, পূর্ব গগড়া, বড়ময়দান, গাগড়াকান্দি, তেলিমেলি, গোপালপুর, হাউদপুর; বর্ণি ইউনিয়নের পাকশাইল, সৎপুর, কাজিরবন্দ, নোওয়াগাঁও, উজিরপুর এবং দাসেরবাজার ইউনিয়নের চানপুর, অহিরকুঞ্জি, উত্তরবাগীরপাড়, দক্ষিণবাগীরপাড়, পানিশাইল, ধর্মদেহী, চুলারকুড়ি, কোদালী, ধলিরপাড়, নেরাকান্দি, মাইজমজুড়ি, মালিশ্রী গ্রাম। এসব গ্রামের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। যাদের নৌকা নেই, তারা গৃহবন্দী হয়ে আছে।
তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, এভাবে পানি বাড়লে কত মানুষকে যে ঘর ছাড়তে হবে হিসাব নাই।
বড়লেখার ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন জানান, হাওরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার খোঁজখবর রাখা হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার কুশিয়ারা নদীর মেওয়া গ্রামের পাশের বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। এতে দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মুড়িয়া ও লাউতা ইউনিয়ন এবং বিয়ানীবাজার পৌরসভার অন্তত ২৫টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বিয়ানীবাজারের ইউএনও মু. আসাদুজ্জামান জানান, বন্যার্তদের সহায়তার জন্য জেলা প্রশাসন সাড়ে ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। আজ থেকে বন্যার্তদের মধ্যে এ চাল বিতরণ করা হবে।
এদিকে দুই সপ্তাহ আগে সিলেটের ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ তিনটি উপজেলার শতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে ফেঞ্চুগঞ্জে বন্যার্তরা মানবেতর জীবন যাপন করছে। এ উপজেলায় অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে এবং সদরের সব সড়ক পানির নিচে তলিয়ে আছে।
বন্যাদুর্গত কয়েকজন জানিয়েছেন, আশ্রয় ও খাদ্যের অভাবে উপজেলার মানিককোনা, হাওরেরতলা, সুলতানপুর, গঙ্গাপুরসহ কয়েকটি গ্রামে শেয়াল, বাগডাশ, বনবিড়াল, মেছো বাঘসহ বেশ কিছু বন্য প্রাণী মারা গেছে।
ফেঞ্চুগঞ্জের ইউএনও হুরে জান্নাত প্রথম আলোকে জানান, গতকাল ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরই মধ্যে উপজেলায় চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এর পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি বন্যার্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে।