বড়লেখায় বিএনপির কমিটি থেকে দারাদকে পদচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে দারাদ আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ কথা জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে দারাদ আহমেদের প্রতারণার ঘটনা নিয়ে প্রথম আলোসহ কয়েকটি পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই বড়লেখা পৌরসভা মিলনায়তনে বিএনপির উপজেলা কমিটির একটি সভা হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দারাদ আহমেদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, গতকাল দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি পাঠান। চিঠিতে দারাদ আহমেদের স্থলে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুকে বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। চিঠির অনুলিপি দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীকেও দেওয়া হয়। এবাদুর রহমান চৌধুরী চিঠির সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দারাদের কর্মকান্ড দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই কেন্দ্রের মহাসচিব সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন।’