বড়লেখায় বিদ্যুৎ গ্রাহক ও কর্মীদের সংঘর্ষ, আহত ৩
বকেয়া বিল আদায় নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক ও কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে এক নারী কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইয়াকুবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতি, বিদ্যুৎ গ্রাহক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বকেয়া বিল আদায় করতে পল্লী বিদ্যুতের কর্মীরা বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার বিদ্যুৎ গ্রাহক তখদ্দছ আলীর বাড়িতে যান। এ সময় বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে যান৷ এ সময় তখদ্দছ আলীর পরিবারের লোকজন ও পল্লী বিদ্যুৎ কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় তখদ্দছ আলীর ছেলে তাজ উদ্দিনের স্ত্রী বড়লেখা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সাফিয়া বেগম সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালান৷ একপর্যায়ে একটি প্লাস্টিকের চেয়ারের আঘাতে তিনি আহত হন। তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে তাজ উদ্দিন (৩৫) এবং পল্লী বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তা প্রহরী হাবিবুর রহমান (৩১) আহত হন।
পল্লী বিদ্যুৎ বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওবায়দুল হক বলেন, ‘জুন মাস চলছে। পল্লী বিদ্যুতের কর্মীরা বকেয়া বিল আনতে গিয়েছিল। বিল না দেওয়ায় লাইন কাটতে গেলে গ্রাহকের পরিবারের সদস্যরা বাধা দিয়েছে। শুনেছি একপর্যায়ে কথা-কাটাকাটি এবং পরে পাল্টাপাল্টি একে-অপরের ওপর হামলা চালিয়েছে। মধ্যস্থতা করতে এসে কাউন্সিলর আহত হয়েছেন। বিদ্যুৎ ব্যবহার করবে। টাকা দিবে না। এটা কেমন কথা।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম গতকাল বলেন, বিদ্যুতের লাইন কাটতে গেলে গ্রাহকের পরিবারের সদস্যরা পল্লী বিদ্যুতের কর্মীদের বাধা দেন। তখন কিছু ঘটনা ঘটেছে।