বড়লেখায় ব্যবসায়ী দুই ভাইয়ের ঘরে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী দুই ভাইয়ের ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পরিবারের লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামে এ ডাকাতি হয়।
পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক দুইটার দিকে দক্ষিণভাগের রাঙ্গাউটি গ্রামের ব্যবসায়ী দুই ভাই দীপেশ পাল ও পরেশ পালের ঘরের দরজা ভেঙে ১৫-২০ জনের একটি ডাকাতদল ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা একযোগে দুই ভাইয়ের ঘরের সাতটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি তছনছ করে দুই লাখ ৮৫ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ ১২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।