বড়লেখায় ব্যবসায়ীর আত্মহত্যা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জবাজারের ঘোষ মার্কেটের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী নিহার রঞ্জন ঘোষ ওরফে সুনিয়া ঘোষ (৮০) আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জবাজারে আধঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।পুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নিহার রঞ্জন ঘোষের একমাত্র ছেলে উজ্জ্বল ঘোষ (২৫) শ্রমিক ফারুক আহমদকে নিয়ে মাল রাখার জন্য দোকানের পেছনের ঘরে ঢোকেন। এ সময় খাটের ওপর সিলিং ফ্যানের রডের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মাঝেমধ্যে নিহার ওই ঘরে থাকতেন বলে জানা গেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু দেখেছি, তাতে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’