বড়লেখায় মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
মৌলভীবাজারের বড়লেখায় রেলওয়ে মাঠে অনুষ্ঠিতব্য বিজয় মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। একই দাবিতে তাঁরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
১০ ডিসেম্বর মেলা শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ২২ দিনব্যাপী এ মেলার স্টলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা শহরের পশ্চিম পাশে রেলওয়ে মাঠে বিজয় মেলার আয়োজন করছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। কয়েক দিন ধরে রেলওয়ে মাঠে স্টলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ চলছে। তবে এ মেলার বিরোধিতা করেছেন বড়লেখা বাজারের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, মেলায় সব ধরনের পণ্য নিয়ে বসেন ব্যবসায়ীরা। তখন বাজারে বিক্রি কমে যায়, ব্যবসায় চরম মন্দা দেখা দেয়। মেলা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারের প্রায় দেড় শ ব্যবসায়ীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়।