মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে গত সোমবার রাতে সাইফুল ইসলাম (২৫) নামের যুক্তরাজ্যগামী এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ও ব্রিটিশ পাউন্ড লুটে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে লোকজন তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন—সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের জাবেদ (২৬), সুপাতলা গ্রামের জুবের (৩০) ও চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ফারুক (৩৮)।পুলিশ লুট হওয়া ৬০ পাউন্ড, আট হাজার টাকাসহ কিছু কাগজপত্র এবং ছিনতাইকারীদের কাছ থেকে একটি একনলা বন্দুক, গুলি ও কিরিচ উদ্ধার করেছে। এ ঘটনায় বড়লেখা থানায় দুটি মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল গ্রামের নজীর আলীর ছেলে সাইফুল সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি রাত সাড়ে আটটার দিকে শাহবাজপুর বাজারের কাছে এলে পেছন থেকে আর একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী এসে সাইফুলের পথ রোধ করেন। এ সময় ছিনতাইকারীরা তাঁকে মারধর করে টাকা, পাউন্ড এবং যুক্তরাজ্যের ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজ লুটে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুলের চিত্কারে স্থানীয় লোকজন এসে ঘটনাটি জেনে মুঠোফোনে আশপাশের লোকজনকে জানান। পরে লোকজন শাহবাজপুর বাজারে ঘেরাও দিয়ে জাবেদ, জুবের ও ফারুককে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে রাত নয়টার দিকে বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতাবস্থায় উদ্ধার করে তিনজনকে। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ছিনতাইকারীরা বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শিক্ষার্থী সাইফুল স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে অস্ত্র আইনে একটি এবং সাইফুলের বড় ভাই আতাউর রহমান আটক তিনজনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।